খবর বাংলা ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল সেন্টারে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) থেকে আগামী সোমবার (১৬ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। এতে তিন শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।
মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আর নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











