খবরবাংলা ডেস্ক :
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমান পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
শনিবার সকাল ১১টায় অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে (১১তম গ্রেড) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সারা দেশের তিন লাখের বেশি প্রার্থীর। পরীক্ষা আয়োজনের জন্য রাজধানীতে প্রায় ১০০টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল।
তবে পরীক্ষার আগের রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, একটি চক্র আগেই প্রশ্ন ও উত্তর সংগ্রহ করে পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করছে। এ নিয়ে নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
অভিযোগ সামনে আসার পর পরীক্ষা স্থগিতের বিষয়ে আলোচনা শুরু করে কর্তৃপক্ষ। পরে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
পরীক্ষার নতুন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে নতুন সময়সূচি জানানোর কথা বলা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











