খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সৌদি আরব সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তারেক রহমান সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানান তিনি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারি: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।
হুমায়ুন কবির বলেন, সৌদি ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাঁকে স্বাগত জানাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের শক্তিশালী অংশীদারত্ব রয়েছে। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে।
হুমায়ুন কবির বলেন, এ ধরনের চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে। বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে অর্জিত দক্ষতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রবাসী কর্মীদের অধিকারকে অগ্রাধিকার সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সরকারের কাছে অগ্রাধিকার পাবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, শ্রমিক নিয়োগের প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের স্বার্থ সুরক্ষায় সৌদি আরবের সহযোগিতাকে বাংলাদেশ গুরুত্ব দেয়। বাংলাদেশি কর্মীদের শুধু শ্রমের উৎস হিসেবে নয়, বরং উন্নয়নের অংশীদার হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মো. নজরুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।











