খবরবাংলা ডেস্ক :
তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা আলোচনা করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি মজুরি বোর্ড। মালিকপক্ষের প্রস্তাবে সন্তুষ্ট হতে পারেনি শ্রমিকপক্ষ। ফলে দুই পক্ষের মধ্যে মজুরি নিয়ে মতপার্থক্য এখনো রয়ে গেছে।
শ্রমিকপক্ষ তাদের আগের প্রস্তাব সংশোধন করে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির অবস্থানে রয়েছে।
দুই পক্ষের প্রস্তাব সংশোধনের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় আবারও বৈঠকে বসার কথা রয়েছে মজুরি বোর্ডের। নতুন মজুরি নির্ধারণ নিয়ে এ পর্যন্ত তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) তৃতীয় দফার বৈঠকে বসে মজুরি বোর্ড। ওই সভায় শুরুতে মালিকপক্ষ ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে এর আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল। সে সময় মালিকপক্ষ তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চায়।
সর্বশেষ বৈঠকে কয়েক দফা আলোচনার পর উভয় পক্ষই নিজেদের প্রস্তাব সংশোধন করে। এতে শ্রমিকপক্ষের প্রস্তাব কমে ২২ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব বেড়ে ১৫ হাজার ৮০০ টাকা হয়। তবে দীর্ঘ আলোচনা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি।
উল্লেখ্য, তৈরি পোশাক খাতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করে সরকার।
নতুন বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
এখন দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান কমিয়ে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কত নির্ধারণ করা হয়, তা নিয়ে পরবর্তী বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











