খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা, ভবিষ্যৎ সহযোগিতা ও বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্টেফান রডরিক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা ও সম্পৃক্ততার বিষয়েও আলোচনা হয়।
আলোচনায় নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও মতবিনিময় হয়।
জহির উদ্দিন স্বপন বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। সরকারের চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তথ্য সূত্র : যমুনা টিভি











