খবরবাংলা ডেস্ক :
দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে গেলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত কাউকে কোনো পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার নিরাপত্তা সংশোধনী আইন নিয়ে আইনমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিদেশি কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। আসামি হিসেবে তার জন্য বিমান বা অন্য কোনো কিছু পাঠানোর সুযোগ নেই।
তিনি আরও জানান, দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো কূটনৈতিক মিশনে শেখ হাসিনা গেলে তাকে গ্রেপ্তার করা হবে।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও শামা ওবায়েদ জানিয়েছিলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত ব্যক্তির পরিচয়পত্র ও পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থানও ব্রিফিংয়ে স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তথ্য সূত্র : যমুনা টিভি











