খবর বাংলা ডেস্ক :
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এ চালানটি গতকাল শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। পরে শনিবার বিকেল পৌনে ৬টার দিকে পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছে।
তিনি আরও বলেন, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া এবং বর্তমানে ডিপোতে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের আরেকটি চালান পাম্পিং শুরু হবে বলেও জানান তিনি।
জানা গেছে, চলতি এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছিল। নতুন চালানসহ এ মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











