টাঙ্গাইল সদর সংবাদ দাতা
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে এবং যেসব ব্যক্তি মাদকে গ্রেফতার হবেন, তাদের জন্য কোনো ছাড় থাকবে না। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। খেলাধুলা শরীর ও মন দুটোই সুস্থ রাখে এবং যুব সমাজকে অন্যায়ের পথ থেকে দূরে রাখতে সাহায্য করে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, “যুব সমাজ দেশের ভবিষ্যৎ গড়বে। যদি তারা মাদকের কারণে ধ্বংস হয়, তাহলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। কিন্তু সঠিকভাবে পরিচালিত হলে দেশ দ্রুত এগিয়ে যাবে। নির্বাচনের আগে আমি বলেছিলাম, এই টাঙ্গাইলে মাদক থাকবে না। কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়ার জন্য কাজ চলবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “বাবা-মা সন্তানের জন্য অনেক প্রত্যাশা রাখেন। সন্তান যদি মাদকের কারণে শেষ হয়ে যায়, এর চেয়ে বড় দুঃখ আর নেই। তাই যারা মাদকের সঙ্গে যুক্ত, তারা দয়া করে সরে দাঁড়ান। আমি টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়তে চাই এবং যোগ্যতা অনুযায়ী সকলকে কর্মসংস্থানে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাভু, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।











