মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের তাৎপর্য ও হিসাববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, হিসাববিজ্ঞান শুধু আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান নিরূপণ, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠানসহ প্রতিটি ক্ষেত্রেই হিসাববিজ্ঞানের ভূমিকা অপরিসীম। বর্তমান বিশ্বে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে হিসাববিজ্ঞানের গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদসহ হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন বিভাগের প্রভাষক ড. মো. আব্দুল কুদ্দুস।
উল্লেখ্য, ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালের ১০ নভেম্বর ভেনিসে তাঁর বিখ্যাত গ্রন্থ Summa de Arithmetica প্রকাশ করেন। গ্রন্থটিতে দ্বৈত-দাখিলা হিসাবরক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা স্থান পায়। হিসাববিজ্ঞানের বিকাশে তাঁর ঐতিহাসিক অবদানকে স্মরণ করতেই প্রতিবছর ১০ নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়।
২০১৯ সালে প্রতিষ্ঠিত মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম। বিভাগটির অন্যান্য শিক্ষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. মো. রোস্তম আলী, সহযোগী অধ্যাপক তন্ময় বিশ্বাস, সহকারী অধ্যাপক বৃষ্টি চক্রবর্তী ও মো. আল আমিন এবং প্রভাষক মো. আব্দুল হালিম, ড. মো. আব্দুল কুদ্দুস, সোহানা ইসলাম সুমনা ও আফসানা সীমা।











