টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী মো. বাদল মিয়া জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। বাদল মিয়া (৪৮) বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই।
আদালত সূত্রে জানা গেছে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, আমলি আদালত জিআর, ঘাটাইল ও বাসাইল থানা, টাঙ্গাইল তাঁর জামিন মঞ্জুর করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদারের নেতৃত্বে বাদল মিয়ার পক্ষে জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৫ নভেম্বর দিবাগত রাতে বাসাইল উপজেলার কাশিল বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে এ ঘটনায় বিএনপি নেতাকর্মীসহ দেশব্যাপী আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
বাদল মিয়ার বড় ভাই ও বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম বলেন, “টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন। পরে বিকেলে ছোট ভাই ব্যবসায়ী বাদল কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় এসেছে। এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলাটি করা হয়েছে।”
মামলার এজাহার যা উল্লেখ –
মামলার এজাহার সূত্রে জানা যায়, জনৈক তানভীর আহসান সুমন তাঁর ফেসবুক আইডি থেকে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’ নামের একটি ফেসবুক গ্রুপে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেন। সেখানে মন্ত্রীর অপসারণ দাবি করে বিভিন্ন মন্তব্য করা হয়। ওই পোস্টটি মামলার ২ নম্বর আসামি শাহাদাত মিয়া তাঁর ফেসবুক আইডিতে শেয়ার করেন।
এছাড়া মন্ত্রীর পিএস সাদেকুল ইসলাম সবুজের ছবি ব্যবহার করে ‘সখিপুর এবং দেশবিদেশের নিউজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়। কিন্তু তিনি পোস্টটি শেয়ার করেছিলেন। যা মোটেও আপত্তিকর নয় বলে আদালতে প্রমাণ করতে সমর্থ হন বাদল মিয়ার পক্ষের বিজ্ঞ আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রবিউল ইসলাম তরফদার ও তার দল।
মামলা ও অন্যান্য –
এসব ঘটনায় গত ৬ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকার আসাদুজ্জামানের ছেলে ইবাদুল ইসলাম (৩২) বাদী হয়ে বাসাইল থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ২৫(১) ও ২৭(১) ধারায় মামলা করেন। মামলায় বাদল মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়।
পরিশেষে –
এছাড়া একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নিজে সংশ্লিষ্ট সব মহলে ফোন দিয়েছেন যোগাযোগ করেছেন মামলাটির দ্বারা বাদল মিয়াকে কারারুদ্ধ করে রাখতে।










