খবরবাংলা ডেস্ক :
যুক্তরাজ্যের লন্ডন থেকে ওয়েলসে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ নাঈম ইসলাম (২০) নামে এক ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর এ দুর্ঘটনা ঘটে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়েলসের একটি লেকের পাড়ে ওযু করতে গিয়ে প্রবল বাতাসে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান নাঈম। তিনি সাঁতার জানতেন না। এ সময় পাশে থাকা এক বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করে পানিতে ঝাঁপ দিলেও নাঈমকে খুঁজে পাননি।
পরে পুলিশকে খবর দেওয়া হলে শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা অনুসন্ধানের পর নাঈমকে পানি থেকে উদ্ধার করা হয়।
রাতেই পরিবারকে জানানো হয় দুর্ঘটনার খবর নাঈমের মামা মাওলানা সিদ্দিকুর রহমান জানান, লন্ডন থেকে দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে ওয়েলসে বেড়াতে গিয়েছিলেন নাঈম। দুর্ঘটনার দিন রাত ১টার দিকে পরিবারের সদস্যরা তার পানিতে পড়ে যাওয়ার খবর পান।
খবর পেয়ে নাঈমের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম পূর্ব লন্ডন থেকে ওয়েলসের উদ্দেশে রওনা হন।
নাঈমের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
২৮ সেপ্টেম্বর লন্ডনে নেওয়া হতে পারে মরদেহ পরিবার সূত্রে জানা গেছে, নাঈমের মরদেহ ২৮ সেপ্টেম্বর ওয়েলস থেকে লন্ডনে নেওয়া হতে পারে। তবে তার জানাজা কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
পরিবারের দ্বিতীয় সন্তান মোহাম্মদ নাঈম ইসলাম যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তার বাবা মোহাম্মদ নুরুল ইসলাম কেন্দ্রীয় কৃষক দলের একজন সদস্য বলে জানা গেছে।
নাঈমের গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে। তার মৃত্যুতে স্থানীয় স্বজন ও পরিচিতজনদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











