সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুরে বাবার মোটরসাইকেলে তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রিদুয়ান (১৭) নামে এক মাদ্রাসাছাত্র। সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক সড়কের পাশে মোটরসাইকেলসহ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হুমায়ুন মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন আব্দুল্লাহ আল কাফী জানান, ফজরের নামাজ শেষে রিদুয়ান বাবার মোটরসাইকেল নিয়ে পেট্রোল আনতে সখীপুর থেকে বোয়ালী বাজারের সখীপুর ফিলিং স্টেশনের উদ্দেশে রওনা দেয়। পথে কোনো এক সময় একটি ভারী যানবাহন তার মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কাজী মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে নেওয়ার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন চৌধুরী জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।











