খবরবাংলা ডেস্ক :
অবশেষে বাংলাদেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামবাহী বিমান। ঢাকায় পৌঁছানোর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি শনিবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি পরিবহনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ ব্যবস্থায় ঢাকার বিমানবন্দর থেকে রূপপুরে ইউরেনিয়াম নেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভাল্বের ত্রুটিও ঠিক করা হয়েছে। বর্তমানে সেটি কার্যকর রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফকির মাহবুব আনাম বলেন, সেফটি ভাল্বের ত্রুটি সংশোধন করা হয়েছে এবং এটি এখন কাজ করছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর শিগগিরই বিদ্যুৎকেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার ইউরেনিয়ামবাহী জ্বালানির চালানটি দেশে পৌঁছানোর কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়।
পরে নতুন সূচি অনুযায়ী ইউরেনিয়ামবাহী বিমানটি বাংলাদেশে পৌঁছায়। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতির অংশ হিসেবে এই জ্বালানি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











