খবরবাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় তার আইনজীবীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তার ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের একটি বাসা থেকে জিয়াউল হক কাজল ও আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই রাতে দেওভোগের পাকা রোডের একটি গলি থেকে অ্যাডভোকেট মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
আদালত প্রাঙ্গণে স্লোগান দেওয়ার ঘটনা
পুলিশ সূত্রে জানা গেছে, তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনসংক্রান্ত শুনানি এবং তার পুনরায় জামিনের আবেদনের দিন ধার্য ছিল। শুনানির সময় আইভীর আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন আইভী। ওই সময় তিনি ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন। উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে স্লোগান দেন। এ সময় গ্রেপ্তার তিনজন আইভীর পাশে অবস্থান করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়েছে
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আদালত প্রাঙ্গণে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মী হিসেবে অভিযুক্ত ব্যক্তিরা আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











