খবরবাংলা ডেস্ক :
জুলাই মাসে অতিরিক্ত সরকারি ছুটি না থাকলেও আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ থাকছে। তবে এই সুবিধা পেতে সাধারণ ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি সমন্বয় করতে হবে।
প্রথম দফায় টানা ৪ দিনের ছুটি সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে।
চাকরিজীবীরা যদি ৬ আগস্ট এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ৫, ৬, ৭ ও ৮ আগস্ট (বুধবার থেকে শনিবার) মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
দ্বিতীয় দফায় টানা ৪ দিনের ছুটি
আগস্টের ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে এ তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
এর পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে, ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি পাওয়া যাবে।
যাদের জন্য প্রযোজ্য
এই ছুটির সুবিধা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসরণ করে।
তবে বিদ্যুৎ, গ্যাস, পানি, হাসপাতাল, ফায়ার সার্ভিস, ডাক, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও অন্যান্য জরুরি সেবার কর্মীদের ক্ষেত্রে কর্মস্থলের প্রয়োজন অনুযায়ী ছুটির ব্যবস্থা নির্ধারণ করা হবে।
এদিকে, ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পৃথকভাবে সিদ্ধান্ত জানাবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











