খবরবাংলা ডেস্ক :
আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য থাকছে টানা ছুটি উপভোগের সুযোগ। নির্ধারিত সরকারি ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক ছুটি যোগ করলে দুই দফায় চার দিনের দীর্ঘ অবকাশ কাটানো সম্ভব হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিলে ৭ ও ৮ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
এ ছাড়া, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এ ক্ষেত্রে ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের ছুটি নিলে পরবর্তী ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা যাবে।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে দুই দফায় দীর্ঘ ছুটির সুবিধা পেতে পারেন।
এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











