খবর বাংলা ডেস্ক :
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ গঠন) শুনানি আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে গত ২৪ মে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলার চার্জশিট আমলে নিয়ে ১ জুন অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং ফরেনসিক আলামতের ভিত্তিতে মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











