খবরবাংলা ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের হামলায় মার্কিন সেনা হতাহতের তথ্য গোপন করার অভিযোগের জবাবে আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে হাজির হওয়ার আগে পেন্টাগন হতাহত সেনাদের তথ্য প্রকাশ করে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল জানান, গত ৭ জুলাই থেকে ইরানের হামলায় এখন পর্যন্ত ৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই মাথায় সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের ৯৬ শতাংশ ইতোমধ্যে দায়িত্বে ফিরে গেছেন।
তিনি জানান, নিহত তিন সেনা গত সপ্তাহে জর্ডান ও ইরাকে দায়িত্ব পালনকালে প্রাণ হারান। একই সময়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিভিন্ন সামরিক স্থাপনাতেও ইরান পাল্টা হামলা চালিয়েছে।
সেনা হতাহতের তথ্য গোপনের অভিযোগ অস্বীকার করে শন পারনেল বলেন, “পেন্টাগন কোনো তথ্য আড়াল করেনি।”
অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি রাডার স্থাপনায় হামলা চালিয়েছে।
এদিকে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজের নাবিকরা নিরাপদে লাইফবোটে আশ্রয় নিয়েছেন।
কুয়েত, বাহরাইন ও জর্ডান জানিয়েছে, তারা হামলা মোকাবিলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।
এ ছাড়া যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











