খবরবাংলা ডেস্ক :
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে এক লিবিয়াপ্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রী আসমানী আক্তারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আলিফ হোসেন রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিবিয়াপ্রবাসী বাদশা প্রামাণিকের স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে আলিফের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে বিয়ে নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে মঙ্গলবার সকালে আসমানীর ঘরের ভেতরে আলিফের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আসমানী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











