খবরবাংলা ডেস্ক :
কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) থেকেই কাঁচা মরিচ আমদানি করা যাবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সোমবার প্রকাশিত বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার রাজধানীর একটি কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতিও দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমদানি করা কাঁচা মরিচ বাজারে আসতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে এবং দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
বর্তমানে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩২০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে এ পণ্যের দাম ৪০০ টাকা পর্যন্ত ওঠে, যা সাধারণ ক্রেতাদের ভোগান্তিতে ফেলেছে।
সরকারের আশা, আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচা মরিচের দাম দ্রুত স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











