কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতীতে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ভবন সলিল গোবিন্দপুর এলাকায় নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর গোবিন্দপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোহালিয়াবাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সর্বস্তরের মানুষ অংশ নেন। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গোহালিয়াবাড়ী ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও যোগাযোগসুবিধা সম্পন্ন এলাকা হিসেবে গোবিন্দপুরে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হলে ইউনিয়নের সব এলাকার মানুষের জন্য পরিষদে যাতায়াত ও সরকারি সেবা গ্রহণ সহজ হবে।
তারা আরও বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের কথা বিবেচনা করে পরিষদ কার্যালয়ের জন্য এমন একটি স্থান নির্বাচন করা প্রয়োজন, যেখানে সবার সহজে যাতায়াতের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে গোবিন্দপুরকে তারা উপযুক্ত স্থান হিসেবে উল্লেখ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য শরীফ মণ্ডল, মহিলা ইউপি সদস্য শাহানাজ পারভীন, মনজুরুল ইসলাম, আজিজুল হাকিম, শাকিল হাসান জয় ও আব্দুল মুন্নাফ খানসহ স্থানীয়রা।
বক্তারা গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মতামত ও সার্বিক যোগাযোগব্যবস্থা বিবেচনা করে উপযুক্ত স্থান নির্ধারণের দাবি জানান।











