কালিহাতী সংবাদ দাতা
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভিয়াইল খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে জলাবদ্ধতা নিরসনের আশাবাদ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার ভিয়াইল বাজার এলাকায় খনন কাজের উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের পক্ষে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখনন ও সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি অর্থবছরে প্রায় ১৫০০ কিলোমিটার খাল খননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কালিহাতীর ভিয়াইল খাল খনন প্রকল্পে প্রায় ১ কিলোমিটার খাল খনন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আজীবন সদস্য ড. শাহ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, পারখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান তোতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, খাল খননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য খালও খননের আওতায় আনা হবে।











