খবরবাংলা ডেস্ক :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আগামীকাল রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে অপ্রতিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের মুঠোফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়।
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামে এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়েছে।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। অপ্রতিমের মৃত্যুর প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











