গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিরাপদ অভিবাসন এবং বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসনের লক্ষ্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে প্রবাস বন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। সভা মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় পৌর শহরের সমেশপুর এলাকায় ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়।
সভায় ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ব্র্যাকের বাস্তবায়নে পরিচালিত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২) প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা এবং ইউরোপ ফেরত প্রবাসীদের ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়।
প্রবাস বন্ধু ফোরামের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান। এছাড়া ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অর্গানাইজার তৃষ্ণা দাসসহ শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক ও জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত ১৪ সদস্যবিশিষ্ট ফোরামের সদস্যরা সভায় অংশ নেন।
সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে গোপালপুর উপজেলার ২৫ জন ক্ষতিগ্রস্ত প্রবাসীর পুণর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।











