গোপালপুর সংবাদ দাতা
গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা ও নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এলজিইডি মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হয়। প্রথমে গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে মাইক্রোবাসে থাকা একটি লাগেজে তল্লাশি চালালে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪ লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা গাড়িতে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করে টেকনাফ ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সেগুলো সরবরাহ করা হতো।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা, নগদ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১০টির বেশি মাদক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত আরও একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।











