গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।
সহকারী অধ্যাপক কে এম শামিম-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জোবায়েরুল হক আমিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সূতী ভিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান এবং গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক অটল শরিয়ত উল্লাহ।
বক্তারা বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্তভাবে সম্পন্ন করতে সরকারের নতুন পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, নতুন কিছু আইন ও কঠোর নির্দেশনা যুক্ত হওয়ায় পরীক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে স্বচ্ছতা ও আস্থা বাড়বে।
সভায় গোপালপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।











