গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গত চার দিনে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গোপালপুর থানার পুলিশের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
আটকরা হলেন— মো. মুক্তার আলী (৩৮), দিঘলআটা গ্রামের বাসিন্দা; মো. লাভলু ভূঞা (৩৫), ঘাটাইল উপজেলার কান্দালিয়া গ্রামের বাসিন্দা; শ্রী সুকুমার চন্দ্র দাস (৩০), মোহনপুর গ্রামের বাসিন্দা; সঞ্জয় ওরফে রিপন (২১), কোনাবাড়ী বাজার এলাকার বাসিন্দা; শাওন (২৫), চরপাড়া গ্রামের বাসিন্দা এবং মো. দ্বিপু (২৩), দক্ষিণ গোপালপুর গ্রামের বাসিন্দা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়।











