খবর বাংলা ডেস্ক :
দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এসব নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও নির্বিঘ্ন নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় নিয়ম অনুযায়ী ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে এবং এর পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ করতে হবে। এ সেবা নিয়মিতভাবে চালু রাখার জন্যও ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনও এ ধরনের নোটের আধিক্য রয়েছে, যা নগদ লেনদেনে ভোগান্তির কারণ হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হতে বলা হয়েছে।
বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট নিয়মিতভাবে গ্রহণ করে নির্ধারিত বিশেষ কাউন্টারের মাধ্যমে তা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এসব নোটের পরিবর্তে গ্রাহকদের ফ্রেশ বা পুনঃপ্রচলনযোগ্য নোট দিতে হবে।
এ সেবা প্রদানে কোনো ব্যাংক শাখার অনীহা বা গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











