খবরবাংলা ডেস্ক :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে তুরস্কের একটি বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তার সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ২৮ সেপ্টেম্বরও সাধারণ বিতর্কের কার্যক্রম রয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম বক্তব্য হবে।
সফরকালে তিনি জাতিসংঘ মহাসচিবের দেওয়া স্বাগত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও পার্শ্ব অনুষ্ঠানে যোগ দেবেন। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক বৈষম্য, উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











