মির্জাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে যুবদল নেতা ইউসুফ খান হত্যা মামলায় তার বাল্যবন্ধু হানিফ সিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (২৯ মার্চ) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।
হানিফ সিকদার উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি সৌদি প্রবাসী বলে জানা গেছে। নিহত ইউসুফ খান একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং দুলাল খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ইউসুফ খান স্থানীয়ভাবে মাটি কিনে তা ট্রাকে করে অন্যত্র বিক্রি করতেন। গত ১৪ মার্চ রাতে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন। পরদিন তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার তদন্তে পুলিশ একই গ্রামের রিজন সিকদার ও হানিফ সিকদারকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ মার্চ সন্ধ্যায় ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তুপের নিচ থেকে ইউসুফ খানের মরদেহ উদ্ধার করা হয়।
পরদিন ১৮ মার্চ আটক দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলার রহস্য উদঘাটনের জন্য পুলিশ হানিফ সিকদারের সাত দিনের রিমান্ড আবেদন করে।
রোববার শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাহাদুজ্জামান আকন্দ জানান, সোমবার (৩০ মার্চ) থেকে এই রিমান্ড কার্যকর হবে।











