টাঙ্গাইলের ডেলি করটিয়া এলাকায় আজাদ ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০০ বোতল এলপিজি গ্যাস জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারার অভিযোগে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ডেলি করটিয়া এলাকার আজাদ ট্রেডিংয়ে অভিযান চালিয়ে এলপিজি গ্যাসের আমদানি ও বিক্রিসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারা এবং অবৈধভাবে গ্যাস আমদানি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটি থেকে ৩০০ বোতল গ্যাস জব্দ করা হয় এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, অবৈধভাবে এলপিজি গ্যাস আমদানি, অতিরিক্ত দামে বিক্রি এবং গোডাউনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জব্দ করা ৩০০ বোতল গ্যাস সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।










