টাঙ্গাইলের এলেঙ্গায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সাসেক-২ প্রকল্পের ফ্লাইওভারের পাইলিং কাজের সময় গ্যাস সঞ্চালন লাইনের পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর পূণরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রোজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল লাইন মেরামতের পর পূণরায় গ্যাস সরবরাহ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের ৪ নং পিলারের পাইলিংয়ের সময় গ্যাস পাইপলাইনে আঘাত লেগে ফেটে যায়। পাইপলাইনে ফাটল ধরার পর বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ যান চলাচল স্বাভাবিক করলেও উত্তরবঙ্গগামী যানবাহন ধীরগতিতে চলাচল করছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রোজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার রবিউল আউয়াল বলেন, ঘটনার সাথে সাথে বিষয়টি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাৎক্ষণিক গ্যাস সঞ্চালন বন্ধ করে দেয়। পরবর্তীতে জয়দেবপুর থেকে তিতাস গ্যাসের উর্ধ্বতন কর্তপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের ব্যবস্থা নেয়।
তিনি আরও বলেন, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মূল মেরামত কাজ (ক্ষতিগ্রস্ত পাইপ কেটে ঝালাই) শুরু করে তিতাস গ্যাসের কারিগররা। প্রায় দেড় ঘণ্টা কাজের পর লাইন মেরামত কাজ সম্পন্ন হয়। এরপর রাত ১টা ৫ মিনিটে পূণরায় গ্যাস সরবরাহ শুরু করা হয়।
তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।










