টাঙ্গাইল সদর সংবাদ দাতা
‘প্রান্তিক জনগোষ্ঠীর আইনগত সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণ: বর্তমান অবস্থা এবং করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে টাঙ্গাইল জেলা জজের সভাকক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিট।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান ও টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম ইলিয়াস।
টাঙ্গাইল ব্লাস্টের সহ-সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা লিগ্যাল এইডের সার্বিক সহযোগিতা ছিল।
মতবিনিময় সভায় অংশ নেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফয়সাল আল মামুন, জেলা লিগ্যাল এইড অফিসার ও জেলা আইনগত সহায়তা কমিটির সদস্য সচিব মিনহাজ উদ্দিন ফরাজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন, টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন এবং পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মঞ্জুরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
এছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, কালিহাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, আইনজীবী মালেক আদনান এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লাস্ট টাঙ্গাইলের সমন্বয়ক অ্যাডভোকেট আমিনা রহমান বিউটি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আইনগত সেবা আরও বিস্তৃত করতে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।











