টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে ২১ দিনব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বালক ও বালিকা অনূর্ধ্ব-১৬ বয়সভিত্তিক অ্যাথলেটিক্স প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় টাঙ্গাইলের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে হাই জাম্প, লং জাম্প, দড়ি লাফ, বর্শা নিক্ষেপ এবং বিভিন্ন ধরনের দৌড় ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এ প্রশিক্ষণে মোট ৪০ জন ক্ষুদে অ্যাথলেট অংশগ্রহণ করছে।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রতিভাবান অ্যাথলেট তৈরি হবে এবং ভবিষ্যতে তারা জেলা ও জাতীয় পর্যায়ে টাঙ্গাইলের প্রতিনিধিত্ব করবে।











