নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে মাদকের টাকা না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে নাজমা হরিজন নামের এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার রাতে বিষয়টি জানাজানি হলে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর আগে শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে হরিজন পল্লীতে স্বামী বুলু হরিজন মাদকের টাকার জন্য স্ত্রী নাজমা হরিজনকে চাপ প্রয়োগ করে। স্ত্রী টাকা দিতে অস্বীকার করলে ঝগড়ার এক পর্যায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আত্মচিৎকার শুনে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমা হরিজন মৃতুবরণ করেন। এ ঘটনা স্বামী বুলু হরিজনসহ কলোনির কারো বক্তব্য পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক হরিজন বলেন, ইতিপূর্বেও মাদকের টাকার জন্য আমাদের পল্লীতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিলো। সেটি ধামাচাপা দিয়েছিলো। এ ঘটনা বুলু হরিজন যেমন অপরাধী, তার বাবাও তেমন অপরাধী। কারণ বুলুর বাবা বিষয়টি দেখার পরও এগিয়ে যায়নি।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী বলেন, ঘটনাটি আমরা শাহবাগ থানার বেতার বার্তার মাধ্যমে মৃত্যুর সংবাদ জানতে পারি। আমাদের বলে দিয়েছে ময়নাতদন্ত পূর্বক মরদেহটি হস্তান্তর ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। পরবর্তী অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।











