খবর বাংলা ডেস্ক :
রাজধানীর শ্যামলীতে কিডনি চিকিৎসক ডা. কামরুল ইসলামের সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল থেকে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে আটক করেছে র্যাব।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনকে নড়াইল থেকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শুক্রবার হাসপাতালটিতে গিয়ে অভিযুক্তরা যুবদলের নাম ব্যবহার করে স্থানীয় এক নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকি দেন। অভিযোগ অনুযায়ী, টাকা না পেয়ে তারা চিকিৎসক ডা. কামরুল ইসলামকে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার ট্যাগ দিয়ে হেনস্তা করেন বলেও অভিযোগ ওঠে।
ঘটনার পর ওই রাতেই কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা হাসপাতালে যান। তারা জানান, অভিযুক্ত মঈন উদ্দিনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই এবং চাঁদাবাজির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
জানা গেছে, শুধু এই ঘটনাই নয়, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে হাসপাতাল থেকে চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া চাপ সৃষ্টি করতে হাসপাতালের সামনে মব তৈরির চেষ্টার কথাও জানা যায়। র্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











