খবরবাংলা ডেস্ক :
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত দুই শিশু হলো মধ্য নাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) এবং একই গ্রামের এবাদুল ইসলামের ছেলে ইসমাইল (৬)।
স্থানীয় বাসিন্দা ও নিহত শিশুদের স্বজনদের সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন এলাকায় তাদের খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় সন্ধান না পাওয়ায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরে রাত আড়াইটার দিকে গ্রামের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











