খবরবাংলা ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মন্তব্যের পর এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।
সম্প্রতি দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি নিউইয়র্কে এলে স্থানীয় আইন অনুযায়ী তাকে আটক করা সম্ভব কি না, সে বিষয়ে আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর পক্ষে মত দেন।
মেয়রের এই মন্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় তীব্র প্রতিক্রিয়া জানায়। এক বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানাকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়। পাশাপাশি আদালতটির এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলে ইসরায়েল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।” তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ে নেতানিয়াহুর ভূমিকার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে ইসরায়েল শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্যরাষ্ট্র নয়। ফলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের ক্ষেত্রে ওয়াশিংটনের ওপর কোনো বাধ্যতামূলক আইনি দায়বদ্ধতা নেই।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











