খবরবাংলা ডেস্ক :
ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থাপনা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবহন খাতে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি, সড়ক নিরাপত্তা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ঢাকার সড়কে যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ও আলোচনায় আসতে পারে।
বৈঠকে অংশ নিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
এর আগে রাজধানীর যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থাপনা উন্নয়নে একাধিক বৈঠকে বাস টার্মিনাল পুনর্বিন্যাস, গণপরিবহন ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের মতো বিষয় নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তথ্য সূত্র : যমুনা টিভি











