খবরবাংলা ডেস্ক :
রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক মাসের মধ্যে এ পরিকল্পনা প্রস্তুত করে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে দ্রুত একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নদী রক্ষা করা না গেলে পরিবেশ ও জনজীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই যেসব শিল্পপ্রতিষ্ঠান পরিবেশবিষয়ক নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, নদীদূষণ নিয়ন্ত্রণের কার্যক্রম প্রথমে ঢাকাকে কেন্দ্র করে শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশের নদী দূষণমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।











