খবরবাংলা ডেস্ক :
ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা আগামী সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।
শনিবার (৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সফরটি চলবে আগামী বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত।
সফরকালে বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডাচেস অব এডিনবরা। এসব কর্মসূচির মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারত্ব এবং সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হবে। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমও সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ডা. জুবাইদা রহমানের সঙ্গে বৈঠক করবেন ডাচেস। সেখানে নারী ও মেয়েশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নসহ বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন তিনি। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জানবেন। একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবেন।
এ ছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গিয়ে তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটাবেন ডাচেস অব এডিনবরা। এ সময় নারী হকি খেলোয়াড়দের সঙ্গেও তাঁর মতবিনিময়ের কথা রয়েছে। খেলাধুলার মাধ্যমে নারী ও মেয়েশিশুদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং তাদের ক্ষমতায়নের বিষয়টি এ কর্মসূচিতে গুরুত্ব পাবে।
বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। সেখানে তরুণদের সঙ্গে উদ্যাপনে যোগ দেওয়ার পাশাপাশি শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরবেন।
সফরকালে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন ডাচেস। বিশেষ করে বাস্তুচ্যুত নারী, মেয়েশিশু ও পরিবারগুলোর সুরক্ষা এবং সহায়তায় নিয়োজিত সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজ নেবেন তিনি।
এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর সহনশীলতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ সম্পর্কেও জানবেন ডাচেস। পাশাপাশি বাস্তুচ্যুতির মতো কঠিন পরিস্থিতিতেও নারী ও শিশুরা যাতে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে পরিচালিত পুনর্বাসন, সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সেবার কার্যক্রম পরিদর্শন করবেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে বাংলাদেশ সফরে আসছেন ডাচেস অব এডিনবরা। এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











