খবরবাংলা ডেস্ক :
তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানী ঢাকার বাসিন্দারা। একদিকে সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মিলছে না গ্যাস, অন্যদিকে বাসাবাড়িতে পর্যাপ্ত চাপ না থাকায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না।
আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকেই রাজধানীর কুড়িল ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
চালকদের আয় হ্রাস ও যাত্রী ভোগান্তি
ফিলিং স্টেশন সূত্রে ও চালকদের সাথে কথা বলে জানা গেছে, এক একটি গাড়িতে গ্যাস নিতে চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এতে দৈনিক ট্রিপ সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
গাড়ি চালকদের অভিযোগ, দিনশেষে বড় একটি সময় লাইনে দাঁড়িয়েই কেটে যাচ্ছে। এতে যাত্রী পরিবহনের সময় কমে আসার পাশাপাশি তাদের দৈনিক আয় মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে।
বাসাবাড়িতেও সংকট: সিএনজি স্টেশনের পাশাপাশি বাসাবাড়িতেও হানা দিয়েছে এই সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের প্রধান সময়গুলোতে গ্যাসের চাপ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এতে দৈনন্দিন রান্নাবান্না ও গৃহস্থালি কাজ সারতে চরম বিপাকে পড়েছেন গৃহিণীরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











