খবর বাংলা ডেস্ক :
ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের একটি ড্রোন ব্যবহার করে বিভিন্ন হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান। এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান।
ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে এ অভিযোগ তোলে। ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ‘লুকাস’ নামের ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে এবং পরে তা ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরানের সামরিক বাহিনীকে দায়ী করা হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান।
ইরান দাবি করেছে, এই ধরনের কৌশলের মাধ্যমে তাদের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ও বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। একই সঙ্গে ইরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











