খবরবাংলা ডেস্ক :
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালসহ বিরোধী দলের নেতা, শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে যন্তর মন্তরে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। তবে সমাবেশের অনুমতি না থাকায় বিক্ষোভকারীদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সংগঠনটির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এবং ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) কেন্দ্রীয় সভাপতি নেহা বোরাকেও আটক করার খবর পাওয়া গেছে।
এ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়ালের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা এবং বামপন্থী দলের নেতাদেরও আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নসহ আরও কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
শুক্রবার রাত থেকেই বিক্ষোভে অংশ নিতে দিল্লির বিভিন্ন এলাকায় লোকজন জড়ো হতে শুরু করেন। যন্তর মন্তরের দিকে যাওয়া বাস ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ বিক্ষোভকারীদের আটক করে। রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয় এবং বিক্ষোভস্থলের আশপাশে চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে নয়াদিল্লি জেলাকে ২০টি অপারেশনাল জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে আটক ব্যক্তিদের রাখার জন্য নির্দিষ্ট কেন্দ্রও স্থাপন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিভিন্ন স্টেডিয়ামকেও অস্থায়ী আটককেন্দ্র হিসেবে ব্যবহারের খবর পাওয়া গেছে।
বিক্ষোভের মূল দাবি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধনকে নিয়মিত যাচাইপ্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











