খবর বাংলা ডেস্ক :
সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির দুটি মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রবিবার (১৪ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের আদালতে পৃথক এই আবেদনের শুনানির জন্য কার্যতালিকায় রাখা হয়েছে।
এর আগে দুটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ডা. দীপু মনি। ওই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ এই আবেদন করে।
ডা. দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানান, তার বিরুদ্ধে এখন পর্যন্ত ৩৮টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন। বাকি মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন এবং ১৩টি মামলায় জামিন প্রশ্নে রুল জারি করা হয়েছে।
মামলাগুলোর মধ্যে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতার নির্দেশনার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী ডা. দীপু মনি বিগত সরকারের ১৫ বছরে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।











