খবরবাংলা ডেস্ক :
সম্পদের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় আজ ঘোষণা করা হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২–এর বিচারক আয়েশা নাসরিন এ মামলার রায় ঘোষণা করবেন।
এর আগে, গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে জমা দিতে নোটিশ দেয় দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী দাখিল করেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের পক্ষে ৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
এদিকে, মামলার তদন্ত চলাকালে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











