দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে এলেংজানী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের টুকচানপুর এলাকায় এলেংজানী নদীর ভাঙনে একটি সড়ক সম্পূর্ণ ধসে পড়েছে। এতে ওই এলাকার অন্তত ১২টি গ্রামের মানুষ চরম যোগাযোগ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীভাঙন পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। সভায় ভাঙন রোধে জরুরি ভিত্তিতে নদীর তীরে জিও ব্যাগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার থেকে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু করা হয়।
উদ্বোধনকালে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কালাম তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেলসহ স্থানীয় ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা করছেন, দ্রুত জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে এলেংজানী নদীর ভাঙন নিয়ন্ত্রণে আসবে এবং ক্ষতিগ্রস্ত সড়কটি রক্ষার পাশাপাশি ১২টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।











