দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় গত ১৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ রয়েছে মাদ্রাসা ছাত্রী জাকিয়া সুলতানা (১৬)। নিখোঁজের ২৫ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে জাকিয়ার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের আলসা গ্রামের জয়নাল মিয়ার মেয়ে জাকিয়া সুলতানা গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে, আত্মীয়স্বজন ও সহপাঠীদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।
পরিবারের দাবি, জাকিয়ার সঙ্গে কারও কোনো শত্রুতা বা প্রেমের সম্পর্ক ছিল না। সে পাশের গ্রামের ধুলটিয়া রাহমানিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। নিয়মিত মাদ্রাসা শেষে সময়মতো বাড়ি ফিরত এবং স্বভাবেও ছিল বেশ সহজ-সরল।
এ ঘটনায় জাকিয়ার বাবা জয়নাল মিয়া গত ১৬ ফেব্রুয়ারি দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ৬৩৭।
জয়নাল মিয়া জানান, জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন বিকেলে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মেয়ে বেঁচে আছে না মারা গেছে জানি না। জীবিত বা মৃত যেভাবেই হোক আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। মেয়ের খোঁজ না পেয়ে তার মা অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল ইসলাম রাজু বলেন, প্রায় ২৫ দিন ধরে মেয়েটি নিখোঁজ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীও উদ্বিগ্ন। পরিবার মেয়েটিকে না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। তাকে উদ্ধারে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন বলেন, মাদ্রাসা ছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে কিনা ফাইল দেখে বিস্তারিত জানানো যাবে।











