খবরবাংলা ডেস্ক :
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৫১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে মোট ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ৮ হাজার ৫২ জন আক্রান্ত হয়েছেন, যা চলতি বছরের মোট আক্রান্তের বড় একটি অংশ।
এদিকে, ২০২৬ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন এবং জুলাই মাসে সর্বোচ্চ ২৯ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











