খবরবাংলা ডেস্ক :
সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে। নতুন কাঠামোয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ট্রাস্টি বোর্ডের ট্রাস্টি ও নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮(১) ধারা অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন প্রশাসন-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল।
নতুন ট্রাস্টি বোর্ডে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আহমেদ আযম খান ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে তিনি নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বও পালন করবেন।
পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডে ট্রাস্টি হিসেবে আরও রয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
নির্বাহী কমিটিতেও সদস্য হিসেবে রাখা হয়েছে মো. ফজলুর রহমান, মো. মনিরুল হক চৌধুরী, জয়নুল আবদিন ফারুক এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে।
এছাড়া পদাধিকারবলে ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটিতে অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অন্তর্ভুক্ত থাকবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নির্বাহী কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকার জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











